উত্তরদিনাজপুর

বিয়ের দিন ঠিক হওয়ার পরে আচমকাই পাত্রকে অপছন্দ পাত্রীর। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পাত্র

বিয়ের দিন স্থির হওয়ার পরে আচমকাই পাত্রকে অপছন্দ পাত্রীর। মানসিক অবসাদে আজ ভোরে মায়ের শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পাত্রের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের দেবীনগরে। মৃতের নাম দিবাকর বর্মন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

 

            পরিবার সুত্রে খবর, বালুরঘাটে এক মেয়েকে দেখে দিবাকরের পছন্দ হয় সে বাড়িতে তা জানালে। পরিবারের সকলে ওই মেয়ের বাড়ি যায় বিয়ের ব্যাপারে কথা বলতে। এরপর দুই পক্ষের মধ্যে বিয়ে নিয়ে সমস্ত কথা হয়। বালুরঘাটের ওই পাত্রীর সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা দিবাকর বর্মনের। বিয়ের দেনাপাওনা হিসাবে কিছুই দাবী করেনি দিবাকরের পরিবারের পক্ষ থেকে। পাত্রপক্ষের ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার। কিন্তু পাত্রীর পরিবারের তরফে অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়ে আগামী অগ্রহায়ন মাসে বিয়ের দিন ধার্য করে। বিয়ের কিছুদিন দেরী থাকায় পাত্র ও পাত্রীর মধ্যে মোবাইলের মাধ্যমে শুরু হয় আলাপ। সেই আলাপ ধীরে ধীরে পরিনত হয় প্রেমালাপে। কিন্তু আচমকাই পাত্রী বেঁকে বসে। দিবাকরকে সে বিয়ে করবে না। দুই পরিবারের তরফে বুঝিয়ে পাত্রীকে পুনরায় রাজী করা হলেও কিছুদিন যেতে না যেতেই ফের পাত্রী নাকচ করে এই বিয়েতে। এরপরই মানসিক অবসাদে ভুগতে থাকেন পাত্র দিবাকর। আজ ভোরে মায়ের শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পেশায় প্রাইভেট ফার্মের কর্মী দিবাকর বর্মন।